বিশিষ্ট শিক্ষাবিদ তথা আর.সি.বি.পি.এইচ.এস. স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন দাসের প্রয়াণ, শোকের ছায়া এলাকায়
মুন্না আচার্য্য শিলচর, ১৮ অক্টোবর: পরলোকগমন করলেন জয়পুর রাজাবাজার আর.সি.বি.পি.এইচ.এস. স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষাবিদ মনোরঞ্জন দাস। গত ১৬ নভেম্বর, সোমবার সকালে ৭টা ১৫ মিনিটে শিলচরের মেহেরপুরের গ্রিন হিলস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
১৯৪৮ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণকারী মনোরঞ্জন দাস দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। একজন নিষ্ঠাবান, আদর্শবান ও দক্ষ শিক্ষক হিসেবে তিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। পরবর্তীতে জয়পুর রাজাবাজার আর.সি.বি.পি.এইচ.এস. স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন তিনি।
শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে অসম সরকারের ‘সেরা শিক্ষক’ সম্মানে ভূষিত হন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ -র হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেছিলেন মনোরঞ্জন দাস।
তাঁর প্রয়াণে পরিবার-পরিজন, প্রাক্তন সহকর্মী, ছাত্রছাত্রী এবং গুণগ্রাহীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কাছে তিনি ছিলেন বটবৃক্ষ ও পথপ্রদর্শক। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, পুত্রবধূ, তিন কন্যা, জামাতাগণ এবং ছয় নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর কর্মনিষ্ঠা, সততা এবং শিক্ষাক্ষেত্রে অবদান আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে এক আদর্শ শিক্ষকের পাশাপাশি একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারায় সমাজ।
আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সকলেই।