শিলচর মেডিকেলে নৈরাজ্য, চরম অনিয়মের কবলে পরীক্ষা নিরীক্ষা কেন্দ্র, একদিকে শত শত মানুষের অপেক্ষা, অন্যদিকে কারচুপি আর ভুল রিপোর্টের ছড়াছড়ি!
বিশেষ প্রতিনিধি, শিলচর ১৮ নভেম্বর: বরাক উপত্যকার প্রধান চিকিৎসাকেন্দ্র শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ। আজ ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মেডিকেলের এক্স-রে বিভাগে যা ঘটেছে, তা সাধারণ মানুষের জীবন নিয়ে বড় ধরনের ছেলেখেলা।
আজ শাহিদা বেগম মজুমদার নামের এক মহিলা ডাক্তার দেখিয়ে এক্স-রে করতে যান। বিল জমা দেওয়ার পর এক্স-রে রুমের কর্মীরা শত শত সাধারণ মানুষকে গ্রিলের বাইরে দাঁড় করিয়ে রাখেন এবং ভেতরে এক্স-রে ও অন্যান্য দাপ্তরিক কাজ চলতে থাকে। এই বন্দোবস্তের ভেতরেই চলতে থাকে নানা কারচুপি! নিয়ম ভেঙে একেকজন করে রোগী ভেতরে ঢুকলেও, সেখানে গোপন মেলামেশা ও চেনা-জানার জোরে কাজ হাসিল করা হচ্ছে।
শুধু তাই নয়, এক্স-রে রিপোর্টের বেলায় ঘটে মারাত্মক ভুল! শাহিদা বেগমের রিপোর্টের জায়গায় সরাসরি চলে আসে বাবু থান্তি নামের অন্য এক যুবকের রিপোর্ট! সেই ভুল রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু তা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেন। পরে অনেক দৌড়ঝাঁপ ও খোঁজাখুঁজির পর আসল রিপোর্ট উদ্ধার করা হয়।
হাসপাতালের ভেতরে যদি এমন কারচুপি এবং একজনের রিপোর্ট অন্যজনকে দেওয়ার মতো মারাত্মক গাফিলতি চলতে থাকে, তবে বরাক উপত্যকার মানুষ কোন ভরসায় এতদূর গিয়ে মেডিকেলে ডাক্তার দেখাবেন এবং রিপোর্ট করাবেন? এই প্রশ্নই এখন সবার মুখে মুখে।
সম্পূর্ণ ঘটনার বাস্তব তথ্য জনসমক্ষে উঠে আসার পর মেডিকেল কর্তৃপক্ষের ভূমিকা হবে লক্ষণীয়। তবে কি সত্যিই নৈরাজ্যে পরিণত শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল? কোথায় পরিচালনা সমিতি তথা জেলা প্রশাসন সহ জেলা স্বাস্থ্য দফতর? প্রশ্ন জনতার।