রেশন কার্ড সক্রিয় আছে কি না তা কিভাবে জানবেন? অবলম্বন করুন পশ্চিম বঙ্গ খাদ্য দফতরের সরকারি ওয়েবসাইট!
সংবাদ সংস্থা, ১৫সেপ্টেম্বর :- পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের অধীনে পরিচালিত ‘রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা’ বা আরকেএসওয়াই (RKSY) প্রকল্প রাজ্যের বিপুল সংখ্যক নাগরিকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। আরকেএসওয়াই-১ (RKSY-1) এবং আরকেএসওয়াই-২ (RKSY-2) – এই দুই ক্যাটাগরির কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি নিয়মে বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে চাল, গমসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে থাকেন। পাশাপাশি এই রেশন কার্ডটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র হিসেবেও গৃহীত হয়। এখন আধার লিংক না থাকলে বা দীর্ঘদিন খাদ্যসামগ্রী না তোলার কারণে অনেক সময়ই অনেকের কার্ড সাময়িকভাবে ডি-অ্যাক্টিভেট হয়ে যায়। তাই আপনার রেশন কার্ড অ্যাক্টিভ আছে কিনা? কীভাবে জানবেন?
রেশন কার্ডের স্ট্যাটাস চেক :-
সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতি উপভোক্তার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযোগ বা ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। সময়মতো এই প্রক্রিয়া সম্পন্ন না করলে বা টানা বেশ কিছুদিন রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী না তুললে সেই কার্ডটিকে সাময়িকভাবে সাসপেন্ড বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তখন দোকানে গিয়ে খাদ্যসামগ্রী না পাওয়ার পাশপাশি হয়রানির শিকার হতে পারেন। তাই জেনে নিন কীভাবে সহজেই কার্ডের স্ট্যাটাস চেক করবেন।
অনলাইনে স্ট্যাটাস যাচাইয়ের সহজ নিয়ম :-
ঘরে বসে অনলাইনেই স্ট্যাটাস জানা সম্ভব। এজন্য প্রথমেই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (food.wb.gov.in) যেতে হবে। তারপর হোমপেজে থাকা ‘e-Citizen’ বা ‘Services’ মেনু থেকে ‘Check Ration Card Status’ বিকল্পে ক্লিক করতে হবে। নির্দিষ্ট স্থানে আপনার রেশন কার্ডের নম্বর বসিয়ে ক্যাটাগরি (RKSY-1 অথবা RKSY-2) নির্বাচন করতে হবে। এরপর স্ক্রিনে ভেসে ওঠা ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে ‘Search’ -এ ক্লিক করলেই কার্ডটির বর্তমান অবস্থা দেখা যাবে।
কার্ড ডি-অ্যাক্টিভেট হয়ে গেলে কী করণীয় :-
যদি স্ক্রিনে আপনার কার্ডটি ‘Deactive’ বা ব্লক দেখায়, তাহলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনলাইনেই খাদ্য দফতরের পোর্টালে ই-কেওয়াইসির মাধ্যমে আধার লিংক করলেই পুনরায় কার্ড চালু হয়ে যাবে। এ ছাড়া নিকটস্থ সহায়তা কেন্দ্র, স্থানীয় রেশন দোকান কিংবা খাদ্য পরিদর্শকের অফিসে গিয়েও আধার লিংক করিয়ে কার্ড আবার অ্যাক্টিভ করা যাবে।