প্রয়াত অশোক সিংঘলের জন্মশতবর্ষে শিলচরে বছর ব্যাপী কর্মসূচির সূচনা ১ নভেম্বর, ২২ নভেম্বর থেকে হিতচিন্তক অভিযান, প্রস্তুতি চূড়ান্ত
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর ২৯ অক্টোবর: বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি প্রয়াত অশোক সিংঘলের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ১ নভেম্বর শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বছরব্যাপী কর্মসূচির সূচনা হবে। পাশাপাশি ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে ১৫ দিনব্যাপী হিত চিন্তক অভিযান পরিচালিত হবে। বৃহস্পতিবার আশ্রম রোডের গোবিন্দ বাড়ি স্থিত বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের অধ্যক্ষ শান্তনু নায়েক, প্রান্ত মন্ত্রী গোপী ব্রত গোস্বামী, উপাধ্যক্ষ অসীমা ভট্টাচার্য, গুয়াহাটি ক্ষেত্র ধর্ম প্রসার প্রমুখ পূর্ণ চন্দ্র মণ্ডল, প্রান্ত ধর্ম প্রসার প্রমুখ পরেশ প্রজাপতি, মধ্য কাছাড় জেলা সভাপতি সৌমিত্র বিশ্বাস এবং প্রান্ত টোলির সদস্য ডা. সুব্রত নন্দী। শান্তনু নায়েক জানান, ১ নভেম্বর সকাল সাড়ে ১১টায় জন্ম শতবর্ষের কর্মসূচির সূচনা হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় সহ-সংগঠনমন্ত্রী গোপালজি, ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী ড. দীনেশ তেওয়ারি, রাজ্যের মন্ত্রী কৌশিক রাই এবং ভারত সেবাশ্রম সংঘের উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত স্বামী সাধনানন্দজি মহারাজ-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
হিতচিন্তক অভিযান প্রসঙ্গে তিনি জানান, ২০২২ সালে প্রায় পাঁচ লক্ষ মানুষ এই অভিযানে যুক্ত হয়েছিলেন। এবার এক কোটি মানুষকে যুক্ত করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। অন্যদিকে, পূর্ণচন্দ্র মণ্ডল অশোক সিংঘলের জীবন, সাংগঠনিক অবদান এবং রাম জন্মভূমি আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শিলচর সহ উপত্যকার সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।