শিলচরে ৩ নভেম্বর বিকশিত ভারত যুব সংসদে ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বিতর্কে অংশ নেবে তরুণ প্রজন্ম
জনসংযোগ শিলচর, ০২ নভেম্বর: ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মেরা যুব ভারত (MYBharat), কাছাড় এবং শিলচরের রামনগরে অবস্থিত মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজের যৌথ উদ্যোগে আগামী ৩ নভেম্বর, ২০২৬ তারিখে কলেজের অডিটোরিয়ামে ‘বিকশিত ভারত যুব সংবাদ’ এবং ‘বিকশিত ভারত যুব সংসদ কর্মসূচি ২০২৬-২৭’-এর আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। জাতীয় গুরুত্বসম্পন্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থবহ আলোচনা ও মতবিনিময়ে অংশগ্রহণের সুযোগ পাবেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।
এ বছরের যুব সংসদের মূল আলোচ্য বিষয় বা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এক দেশ, এক নির্বাচন’। এই বিষয়ের বিভিন্ন দিক খতিয়ে দেখা, নিজেদের মতামত তুলে ধরা এবং দেশের গণতান্ত্রিক ও নির্বাচনী কাঠামো সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের জন্য তরুণ প্রজন্মকে উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা ইংরেজি, হিন্দি, অসমিয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল এবং তেলুগু এই ভাষাগুলির যেকোনও একটিতে তাঁদের বক্তব্য উপস্থাপন করতে পারবেন।
জেলা, রাজ্য ও জাতীয় স্তরে সুসংগঠিত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ১৮ থেকে ২৫ বছর বয়সি যুবক-যুবতীদের নিজেদের মতামত প্রকাশের একটি মঞ্চ করে দেওয়াই এই কর্মসূচির লক্ষ্য। জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানো, সাধারণ নাগরিকদের দৃষ্টিভঙ্গি ও প্রত্যাশা সম্পর্কে তাঁদের ধারণা তৈরি করা এবং নিজেদের মতামত গঠন ও তা যথাযথভাবে উপস্থাপনের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।
পাশাপাশি, অংশগ্রহণকারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতার মনোভাব গড়ে তোলা এবং গঠনমূলক ও অর্থবহ আলোচনার জন্য প্রয়োজনীয় নিয়মশৃঙ্খলা ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই উদ্যোগে।
এই কর্মসূচির আরও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো, বিকশিত ভারত গঠনের স্বপ্ন ও ভাবনা সম্পর্কে তরুণ প্রজন্মের মতামত সংগ্রহ ও নথিভুক্ত করা এবং তাঁদের সেই ভাবনা ও দৃষ্টিভঙ্গি বিবেচনার জন্য নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট বাস্তবায়নকারী কর্তৃপক্ষের সামনে তুলে ধরা।
অংশগ্রহণের যোগ্যতার শর্ত অনুযায়ী, প্রতিযোগীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বয়স নির্ধারণের শেষ তারিখ বা কাট-অফ ডেট হিসেবে ১৭ আগস্ট, ২০২৬ নির্ধারণ করা হয়েছে। নিজেদের যোগ্যতা সম্পর্কিত সঠিক তথ্য প্রদান করার দায়িত্ব সম্পূর্ণভাবে অংশগ্রহণকারীদের। কোনও ভুল বা অসত্য তথ্য জমা দেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিযোগীকে কর্মসূচি থেকে অযোগ্য ঘোষণা করা হবে। সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া অংশের যুবক-যুবতীদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণেও উৎসাহ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, পূর্ববর্তী বছরগুলিতে জাতীয় স্তরের যুব সংসদ পর্বের চূড়ান্ত প্রতিযোগী হিসেবে নির্বাচিতরা পরবর্তী বছরগুলিতে এই কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন না।
জেলা স্তরের প্রতিযোগিতায় সেরা তিনজন প্রতিযোগীকে নির্বাচন করা হবে। তাঁরা পরবর্তী পর্যায়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় জেলার প্রতিনিধিত্ব করবেন।
আগ্রহী ও যোগ্য যুবক-যুবতীরা MYBharat পোর্টালের মাধ্যমে https://mybharat.gov.in/vo/pages/event_detail? _event_name=Cachar-Viksit-Bharat-Youth-Parliament-2027&key=521229395521,এই লিংকে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।