তথ্য যাচাই, বিশ্বাসযোগ্যতাকে অগ্রাধিকার দিতে আহ্বান প্রশাসনের প্রেস দিবস পালন অনুষ্ঠানে
তথ্য যাচাই, বিশ্বাসযোগ্যতাকে অগ্রাধিকার দিতে আহ্বান প্রশাসনের প্রেস দিবস পালন অনুষ্ঠানে
জনসংযোগ শিলচর, ১৮ নভেম্বর: তথ্য প্রকাশের আগে বারবার যাচাইয়ের গুরুত্ব, জনপ্রিয়তার চেয়ে বিশ্বাস যোগ্যতাকে অগ্রাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং সাংবাদিক কল্যাণের উপর জোর দিয়ে শিলচরেও সোমবার প্রশাসনের উদ্যোগে পালিত হল জাতীয় প্রেস দিবস। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার সংমন্ডলের উপ-অধিকর্তা কার্যালয়ের ব্যবস্থাপনায় শিলচরের জেলা কমিশনারের সভাকক্ষে এই উপলক্ষে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত জেলা কমিশনার তথা ডিডিসি রাজীব রায়ের পৌরোহিত্যে আলোচনা চক্রের বিষয়বস্তু ছিল ” সাংবাদিকতা : জনতুষ্টি নাকি দায়িত্বশীলতা”। এতে অংশ নেন শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপিকা ডঃ পারমিতা দাস শ্রীভূমির রবীন্দ্রসদন বালিকা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হোসেন মোহাম্মদ বজলুন নূর এবং বরিষ্ঠ সাংবাদিক উত্তম সাহা। এছাড়া প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন হারাণ দে, সৌমিত্র চৌধুরী অভিজিৎ ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় দাস। বক্তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিদের ভবিষ্যৎ নিরাপত্তা সুরক্ষিত রাখা, বস্তুনিষ্ঠ সংবাদের জন্য প্রাপ্ত তথ্য বারবার যাচাই করার পাশাপাশি ব্রেকিং নিউজ দিতে গিয়ে অসত্য তথ্য প্রকাশ পেয়ে যাতে ভুল মেসেজ না যায় সে সম্পর্কেও সচেতন থাকতে অভিমত দেন। সভাপতির ভাষণে ভারপ্রাপ্ত ডিসি রাজীব রায় সাংবাদিকদেরকে সংবাদ আহরণ এবং পরিবেশন এর পাশাপাশি নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখার আবেদন জানান। স্বাগত ভাষণ দেন এডিসি জাগৃতি কালোয়ার। উদ্দেশ্য ব্যাখ্যা করেন শিলচরের তথ্য জনসংযোগ বিভাগের উপ অধিকর্তা সাজ্জাদুল হক চৌধুরী