আমেরিকায় তছনছ হিন্দু মন্দির, ফিরলো ২০২৪ সালের স্মৃতি, নবরাত্রি উদযাপনের প্রস্তুতি অধরা
সংবাদ সংস্থা, ০৫ অক্টোবর :- নবরাত্রির আগে মন্দিরে ভাঙচুর। দরজার কাচ থেকে শুরু করে ভেতরের আসবাব, ভেঙে চুরমার করে দেওয়া হল সবকিছু। আমেরিকার ওহায়োর ঘটনা। যে সময় ওই মন্দিরে ভাঙচুর করা হয় সেইসময় মন্দিরের ভেতরেই ছিলেন পুরোহিত ও মন্দিরের কর্মীরা। গতকাল ওই হামলা হয়েছে রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভাদতাল ধাম মন্দিরে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের মতে এক অথবা কয়েকজন এসে মন্দিরকে লক্ষ্য করে পাথর ছোড়ে, মন্দিরের ভেতরে প্রবল ক্ষয়ক্ষতি করে। তবে কারও কোনও ক্ষতি হয়েছে কিনা তা এখন বলা হয়নি। আমেরিকার বিভিন্ন হিন্দু সংগঠন ওই ঘটনাটিকে হেট ক্রাইম বলে বর্ণনা করেছে। পাশাপাশি প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। মন্দিরের যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিস। হিন্দু সংগঠনগুলি মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এবং মার্কিন বিচার বিভাগের ‘সিভিল রাইটস ডিভিশন’-কেও এই ঘটনার বিষয়টি জানিয়েছে। কোহনা রিচমন্ড হাইটসের মেয়র কিম থমাস এবং স্থানীয় প্রশাসনকে এই হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি তারা রিচমন্ড হাইটস পুলিস বিভাগকেও অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ওহায়োয় বসবাসকারী হিন্দুরা নবরাত্রি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই এই ঘটনাটি ঘটল। ২০২২ সালে নিউ ইয়র্কের কুইন্সের শ্রী তুলসী মন্দিরে গান্ধীর মূর্তি ভাঙচুর করা হয়। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার নিউইয়র্কের শ্রী স্বামীনারায়ণ মন্দিরে বিদ্বেষমূলক লেখা হয়। ২০২৪ সালে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার বিএপিএস মন্দিরে ভাঙচুর করা হয়।