শিলচর পৌরনিগম নির্বাচন ২০২৬: মনোনয়ন জমা প্রক্রিয়াকে কেন্দ্র করে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি
আসন্ন শিলচর পৌরনিগম নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৬ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত থাকায় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং আধিকারিকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে জনসাধারণের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট শ্রী রাহুল কুমার গুপ্ত, (আই.এ.এস) ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে একটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন।
জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশ অনুযায়ী, আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদরঘাট সড়কে অবস্থিত সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত সহকারী রিটার্নিং আধিকারিকের কার্যালয়ের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনও পথবিক্রেতাকে অবস্থান করে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না।
একইসঙ্গে, উক্ত সময়কালে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া সহকারী রিটার্নিং আধিকারিকের কার্যালয়ের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশও নিষিদ্ধ করা হয়েছে।
মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় এবং সংশ্লিষ্ট এলাকায় জনশান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে, সেই উদ্দেশ্যেই এই নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে কর্তব্যরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য, কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, বিচারবিভাগীয় আধিকারিক এবং সরকারি কাজে, যার মধ্যে নির্বাচন সংক্রান্ত কাজও অন্তর্ভুক্ত, নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।
পরিস্থিতির জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে এই আদেশ একতরফাভাবে জারি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
জেলা ম্যাজিস্ট্রেট আরও জানিয়েছেন যে, এই নিষেধাজ্ঞামূলক আদেশের কোনওরকম লঙ্ঘন ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।