দুই হাজার টাকা সহ চাল-ডাল দাবি ! পুলিশে অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীর
ইকবাল হুসেন চৌধুরী, হাইলাকান্দি, ২৯ সেপ্টেম্বর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি করতে হলে প্রতি মাসে দুই হাজার টাকা এবং কেন্দ্রের চাল-ডাল দিতে হয়—এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে হাইলাকান্দির কুচিলা গ্রান্ট এলাকায়। এ ঘটনায় ১৮১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জাহেদা আক্তার চৌধুরী হাইলাকান্দি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, এলাকার বাসিন্দা আবুল ফজল মজুমদারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও মানসিকভাবে হয়রানি করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, প্রতি মাসে দুই হাজার টাকা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল-ডাল দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। দাবি পূরণ না করলে বিভিন্ন ধরনের তদন্ত, RTI ও চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। জাহেদা আক্তারের আরও অভিযোগ, চলতি বছরের ২ ফেব্রুয়ারি তাঁকে রাস্তায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনলাইন অ্যাপের আইডি-পাসওয়ার্ড নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় হাইলাকান্দি সদর থানায় মামলা করা হলেও পরবর্তীতেও তাঁকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এদিকে, সোমবার দুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় তাঁকে রাস্তায় একা পেয়ে অশালীন ভাষায় কথা বলা এবং ফের চাল-ডাল ও মাসিক টাকা দাবি করার অভিযোগও উঠেছে। দাবি পূরণ না করলে তাঁর স্বামীকে বড় গাড়ি দিয়ে ধাক্কা মেরে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেছেন জাহেদা আক্তার। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, মাত্র ৫ হাজার টাকা মাসিক বেতন থেকে ২ হাজার টাকা দিতে হলে তাঁর পরিবারের আর্থিক পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে বলে তিনি অভিযোগ করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ায় এখন পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন অভিযোগকারী!