গোটা দেশের সঙ্গে সংহতি রেখে বরাক উপত্যকায় ও ছট পূজার আয়োজন সাড়ম্বরে, নদী ও জলাশয়ের ঘাটে ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো
মুন্না আচার্য্য, শিলচর ১৫ নভেম্বর: গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে রবিবার বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে ধর্মীয় নিষ্ঠা ও ভক্তিভরে পালিত হল ছট পূজার সন্ধ্যাকালীন পর্ব। এদিন সূর্যাস্তের আগে থেকেই বিভিন্ন নদী, পুকুর ও জলাশয়ের ঘাটে ছট পূজার জন্য ভিড় জমান পুণ্যার্থীরা। অগুণিত ভক্ত প্রাণ ছট মায়ের আবেগ কেড়েছে।
এই পূজায় মহিলাদের পাশাপাশি পুরুষরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পূজার নির্দিষ্ট রীতি মেনে ভক্তরা প্রথমে পবিত্র জলে স্নান করে সূর্যদেবকে প্রণাম জানান। এরপর কোমরসমান জলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে আরাধনায় মেতে ওঠেন তাঁরা। সূর্যাস্ত পর্যন্ত চলে এই বিশেষ উপাসনা। পূজা সম্পন্ন হওয়ার পর ভক্তরা নিজেদের পূজার সামগ্রী নিয়ে বাড়ি ফিরে যান।
ছট পূজার রীতি অনুযায়ী, আগামীকাল সোমবার ভোরে সূর্যোদয়ের আগে ফের নদী ও জলাশয়ের ঘাটে সমবেত হবেন পুণ্যার্থীরা। উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন ও পূজার্চনার মধ্য দিয়ে সম্পন্ন হবে ছট পূজার শেষ পর্ব। এরপর পূজায় ব্যবহৃত বিভিন্ন ফলমূলের কিছু অংশ নদীর জলে অর্পণ করে নিজ নিজ গৃহে ফিরে যাবেন ভক্তরা।
উল্লেখ্য, সূর্যদেবের উপাসনা এবং পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় পালিত এই ছট পূজা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে ধর্মীয় আবেগ, নিষ্ঠা ও উৎসাহের সঙ্গে উদযাপিত হচ্ছে।
উল্লেখ্য,ছট পূজার রীতি হিন্দিভাষী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত থাকলেও বর্তমান সময়ে বাদ পড়েনি বাঙালি সম্প্রদায়ের ভক্ত প্রাণ মানুষের মধ্যে। বরাক উপত্যকার পাশাপাশি রাজ্যের গৌহাটি মহানগরীর বিভিন্ন প্রান্তে নিষ্ঠার সহিত ছট বন্দনায় সক্রিয় ভাবে মেতে ওঠে বিভিন্ন ভাষাভাষীদের মানুষ। প্রশাসনিক সহযোগিতা ও ছিল লক্ষণীয়।