শিলচরে ফুটপাত দখলমুক্তের নাটক,প্রশাসনের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চের
মুন্না আচার্য্য, শিলচর, ১৫ নভেম্বর: শিলচর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ফের উচ্ছেদ অভিযান চালায় শিলচর পুরনিগম ও জেলা প্রশাসন। শনিবার সকালে শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত চলে এই অভিযান। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিযানের সময় মোতায়েন করা হয়েছিল পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী। তবু ও যেন অপ্রীতিকর ঘটনায় সঙ্গ ছাড়ে নি প্রশাসনের। উচ্ছেদের নামে শিলচরের নাটক নতুন নয়, তবে উচ্ছেদের দুদিন পরেই একই দৃশ্য পরিলক্ষিত হয়। ব্যর্থতার পরিচয় দেয় প্রশাসনের উচ্ছেদ অভিযান।ফের এবার ও ব্যর্থ পন্থা হাতে নেয় প্রশাসন। অথচ ফুটপাত দখল এরাতে প্রকৃত পরিকল্পনা নেই সরকার তথা জেলা প্রশাসনের। অস্থায়ী ব্যবসায়ীদের স্বার্থে কর্মসংস্থান নতুবা সরকারি কমপ্লেক্সে ব্যবসা করার সুযোগ প্রদান করে মৌলিক অধিকার বজায় রাখার সুযোগ তথা জীবিকা নির্বাহের উপায় করে দেওয়ার মাধ্যমে ফুটপাত দখল মুক্ত স্থায়ীভাবে সমাধান হয় , এদিকে পর্যাপ্ত নজর না দিয়ে ব্যর্থ প্রশাসন এবং ব্যর্থ পুর নিগম ব্যস্ত লোক দেখানো কাজে।
এদিন উচ্ছেদ অভিযান চলাকালীন ঘটনাস্থলে এসে প্রতিবাদে সরব হন সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চের কর্মকর্তারা। তাঁদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা চলবে না। প্রতিবাদের জেরে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় উচ্ছেদ অভিযান।
এদিন মঞ্চের সদস্যরা হাতে অর্ডার কপি নিয়ে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জানান। আইনজীবী সৌমেন চৌধুরী প্রশ্ন তোলেন, কীভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তাঁর অভিযোগ, শিলচর পুরনিগম প্রধানমন্ত্রীর স্বপ্নের ভাবনাকেই কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছে।
অভিযান চলাকালীন ম্যাজিস্ট্রেট গাড়ি থেকে নামেননি বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন। পরে ফের শুরু হয় ফুটপাত দখলমুক্ত করার প্রক্রিয়া। এদিকে, অভিযানে বাধা দেওয়ার অভিযোগে প্রতিবাদী মঞ্চের কয়েকজন সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ফুটপাত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে মঞ্চের সদস্যরা প্রশ্ন তোলেন, পুরনিগমের মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে সামনে না রেখে কীভাবে এই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তাঁদের স্পষ্ট বক্তব্য, উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনওভাবেই উচ্ছেদ মেনে নেওয়া হবে না।
অন্যদিকে, গোটা বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডেপুটি মেয়র বিজেন্দ্র প্রসাদ সিং জানান, প্রশাসনের কাজে বাধা দেওয়া উচিত নয়। কোনও সমস্যা বা দাবি থাকলে পুরনিগমের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, ফুটপাত ব্যবসায়ীদের জন্য শিলচর সদরঘাট ব্রিজের নিচে এবং তারাপুর ব্রিজের ওপারে বিকল্প জায়গার ব্যবস্থা রয়েছে। ইচ্ছুক ব্যবসায়ীরা সেখানে তাঁদের দোকান নিয়ে বসতে পারবেন বলেও জানান ডেপুটি মেয়র।
তবে এদিনের অভিযান গোটা শিলচর শহরজুড়ে চালানো হয়নি বলে স্পষ্ট করেন তিনি। জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলেও জানান বিজেন্দ্র প্রসাদ সিং।
সব মিলিয়ে, একদিকে শহরের ফুটপাত দখলমুক্ত করার প্রশাসনিক উদ্যোগ, অন্যদিকে পুনর্বাসনের দাবিতে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ—এই দুইয়ের টানাপোড়েনে এদিন উত্তপ্ত হয়ে ওঠে শিলচরের পরিস্থিতি।