শ্রীমন্ত শংকরদেব নগরে উৎসাহ উদ্দীপনায় করম পূজা উদযাপন, ঝুমুরের তালে তালে মুখরিত সর্বত্র
লঙ্কা শহরের পার্শ্ববর্তী তথা হোজাই জেলার সদর শ্রীমন্ত শংকরদেব নগরে উৎসাহ উদ্দীপনায় চা জনজাতি লোকের করম পূজা উদযাপন করা হয়।
চা জনগোষ্ঠী লোকদের অন্যতম পবিত্র তথা কৃষিজীবি উৎসব করম পূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হয়। হোজাই জেলা চা জনজাতি কলা কৃষ্টি বিকাশ কেন্দ্রের উদ্যোগে সারাদিনব্যাপী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে শ্রীমন্ত শংকর দেবনগর খেলার মাঠে এই পূজা কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হয়। তাঁদের পরম্পরাগত রীতি অনুযায়ী প্রকৃতির দেবতা করম রাজাকে পূজা অর্চনা করে উৎসবটি শুভ আরম্ভ করা হয়।
এই কেন্দ্রীয় উৎসবের সব থেকে আকর্ষণীয় দিকটি হল রাত্রিবেলা সাংস্কৃতিক সমারোহ। জেলার বিভিন্ন চা জনগোষ্ঠীর অধ্যুষিত অঞ্চল থেকে আসা প্রায় ৪০ টি দল এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মাদল ধুমসা এবং বাঁশির সুরে বিভিন্ন প্রান্তে থেকে আসা দলগুলো পরিবেশন করে ঝুমুর নৃত্য, সারারাত্র ধরে এই নিত্য চলতে থাকে।
উদ্যোক্তারা এই প্রতিবেদককে জানান, জেলার চা জনগোষ্ঠীদের কলা- কৃষ্টি এবং ভ্রাতৃত্ববোধকে গভীর করে রাখার লক্ষ্যে এই পবিত্র পূজার আয়োজন করা হয়েছে। এই উৎসব অঞ্চলের সকল জনগোষ্ঠীর লোকের মধ্যে একতা এবং সম্প্রীতি বার্তা কুড়িয়ে আনতে সক্ষম হয়েছে বলে তাঁরা জানান।