সবার জন্য একই আইন,দেশের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগুর দিনক্ষণ ঘোষণা শাহ-র
২০২৯ সালে লোকসভা নির্বাচন। তার আগেই দেশের ২১ রাজ্যে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আইনের আওতায় ধর্ম নির্বিশেষে সব নাগরিকের জন্য বিয়ে,বিবাহবিচ্ছেদ,সম্পত্তির উত্তরাধিকার এবং সন্তান দত্তক নেওয়ার মতো ব্যক্তিগত বিষয়গুলোতে একই নিয়ম বা আইন লাগু হবে।
রবিবার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে অমিত শাহ বলেন, আমরা ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছি। আমার বিশ্বাস ২০২৯ সালের আগেই আমরা এনডিএ শাসিত ২১টি রাজ্যেই এটি কার্যকর করতে পারব।
কেন্দ্রের নিরাপত্তা নীতির কথা তুলে ধরে শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার। পাশাপাশি সব ক্ষেত্রেই নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অমিত শাহ বলেন, ২০১৪ সালের আগের দুর্নীতি, জাতিবাদ ও পরিবারতন্ত্রের রাজনীতি পেরিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের অধীনে ভারত এখন ‘কাজের যোগ্যতার ওপর ভিত্তি করে রাজনীতি’র যুগে প্রবেশ করেছে। তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি এখন একটি শক্ত মেরুদণ্ড পেয়েছে; যেখানে ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতি মেনে চলা হচ্ছে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ভারতের অর্থনৈতিক উন্নতির কথা তুলে ধরে শাহ বলেন, দেশটি একসময় ‘ফ্রেজাইল ফাইভ’-এর তালিকায় ছিল, কিন্তু সেখান থেকে বের হয়ে আজ বিশ্বের শীর্ষ পাঁচটি অর্থনীতির মধ্যে জায়গা করে নিয়েছে। ৭.৮% জিডিপি বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি জানান। প্রধান বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারত এখন সবার চেয়ে এগিয়ে। ৩৭০ ধারা বাতিল, নকশালবাদ দমন এবং উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা তুলে ধরেন। শাহ বলেন, এই সমস্যাগুলো বহু দশক ধরে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য দীর্ঘদিনের বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল।