লিজের আড়ালে রহস্য? গুয়াহাটি বরা সার্ভিস সংলগ্ন ‘হোটেল বিলাস ইন’ অবিরাম গুলি বর্ষণে নিহত ৫, গ্রেপ্তার অভিযুক্ত!
যুব বিচিত্রা প্রতিনিধি, গৌহাটি:
গুয়াহাটি বরা সার্ভিস সংলগ্ন একটি ‘বিলাস ইন’ নামক হোটেলে ভয়াবহ গুলিবর্ষণ! প্রাণ গেল পাঁচজনের।
রাজধানী গুয়াহাটির বরা সার্ভিস এলাকার ‘হোটেল বিলাস ইন’-এ ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অসমে। প্রাপ্ত খবর অনুযায়ী, এই ঘটনায় হোটেল মালিক হেলেনা ভরালী, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, পুত্রবধূ ঋণিকা কাশ্যপ এবং তাঁর বড় ভাই ভূদেব ভরালী-সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। সত্যেন্দ্র পাঠক নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তিনি গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের দাবি অনুযায়ী, ঘটনার মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় এক বছর আগে তিনি হোটেলটি লিজে নিয়েছিলেন বলে জানা গেছে। হোটেলের লিজ ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ থেকেই এই রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত বললো প্রাথমিক তদন্ত।অপরাধে ব্যবহৃত বলে সন্দেহ করা একটি লাইসেন্সপ্রাপ্ত .৩২ ক্যালিবারের পিস্তলও বাজেয়াপ্ত করেছে স্থানীয় পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে, তবে শীঘ্রই উক্ত রক্তাক্ত ঘটনার সম্পূর্ণ তথ্য বেরিয়ে আসবে পুলিশের নিরপেক্ষ তদন্তে এমনটাই আশা প্রশাসন সহ বুদ্ধিজীবী নাগরিকের।
অসমের পরিচিত মহিলা উদ্যোক্তা হেলেনা ভরালী ১৯৯৭ সালে মাত্র আটটি আসন নিয়ে একটি ছাত্রী নিবাসের মাধ্যমে তাঁর ব্যবসায়িক যাত্রা শুরু করেছিলেন। পরিশ্রম ও উদ্যোগের মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের ব্যবসা সম্প্রসারিত করেন। এমন একজন উদ্যোক্তা এবং তাঁর পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যজুড়ে।
ব্যবসায়িক বিবাদ কীভাবে প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিতে পারে, এই ঘটনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে সচেতন নাগরিক। অন্যদিকে আইন হাতে নিয়ে এহেন হত্যাকাণ্ড মোটেই মনুষ্যত্ব বোধের পরিচয় নয় বললো একাংশ সচেতন নাগরিক। এই ঘটনায় নির্লজ্জ মানব সমাজের মনুষ্যত্বের বুনিয়াদি লোপ পাওয়ার কথা অস্বীকার করার নয় এই জঘন্যতম কুখ্যাত ঘটনায় আবারো প্রমাণ দিয়ে গেল। শীঘ্রই পুলিশি তদন্তে সত্য উদঘাটন হবে এবং নিরপেক্ষ ন্যায় বিচার হবে এই আশায় মহানগরীর মানুষ।