১৪ না ১৫ সেপ্টেম্বর, কবে গণেশ চতুর্থী? গণেশপুজোর নিয়ম জানেন? কোন সময়ে পুজো করলে মিলবে গণপতির আশীর্বাদ?
দুর্গাপুজোর আগেই এল বড় উৎসব। এসে গেল গণেশ চতুর্থী। ঘরে ঘরে সিদ্ধিদাতা গণেশের আরাধনা হবে। শাস্ত্রে বলে, কোনও শুভ কাজের শুরুতেই তাঁর নাম স্মরণ করতে হয়, কারণ তিনি বিঘ্ননাশক, ভক্তের সব বিপদ দূর করেন নিমেষে। গণেশকে জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা হিসেবে পুজো করা হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের এই বিশেষ তিথিতে দেশ জুড়ে পালিত হতে চলেছে গণপতি বাপ্পা মোরিয়ার পুজো। গণেশ পুজোর ক্ষেত্রে মধ্যাহ্ন কালকেই বিশেষ শুভ বলে মনে করা হয়। গণেশ চতুর্থী শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর, সোমবার সকাল ৭টা বেজে ৬ মিনিট থেকে। সেই হিসেবে সোমবারই গণেশপুজো।
১৪ সেপ্টেম্বর, না, ১৫ সেপ্টেম্বর?
পঞ্জিকা বলছে, ভাদ্র শুক্ল চতুর্থী তিথি শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর, সোমবার সকাল ৭টা বেজে ৬ মিনিটে। এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ, ১৫ সেপ্টেম্বর সকাল ৭টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত। পার্বতীপুত্রের জন্ম হয়েছিল দুপুরবেলায়। তাই সূর্যোদয়ের তিথি নয়, তাঁর জন্মতিথির সময় মেনেই পুজো হয়। এবারও হবে। ১৪ সেপ্টেম্বরই এবার গণেশের মূল পুজো পালিত হবে।
গণেশ চতুর্থীর শুভ সময় :-
গণেশ পুজোর ক্ষেত্রে মধ্যাহ্ন কালকে বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। স্থানীয় পঞ্জিকা অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর পুজোর শুভ সময় সকাল ১১টা ২ মিনিট থেকে দুপুর ১টা ৩১ মিনিট পর্যন্ত। শুভ সময়ে পুজোর স্থান পরিষ্কার করে সাজানো বেদির উপর গণেশের মূর্তি স্থাপন করা হয়। এরপর বিধি মেনে গণেশপুজো করেন ভক্তরা।
গণেশপ্রতিষ্ঠার রীতি
পুজোর জায়গাটি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর সেখানে একটি লাল কাপড় পাতুন। সেই কাপড়ের উপর গণেশের মূর্তি স্থাপন করুন। পুজো শুরুর পর গণেশকে প্রথমে সিঁদুরের তিলক পরান। তারপর তাঁকে নিবেদন করুন চাল ও টাটকা ফুল। তবে গণেশপুজোয় সবচেয়ে জরুরি হল দূর্বা। কয়েকটি দূর্বা এক সঙ্গে নিয়ে সুতো দিয়ে বেঁধে ছোট ছোট আঁটি বানিয়ে তাঁর পায়ে দিন। মন্ত্রপাঠ করুন। তারপর আরতি করুন। ভোগ দিন। আর সিদ্ধিদাতার পুজোয় মোদক তো লাগবেই।
কেন পালিত হয় গণেশ চতুর্থী?
হিন্দুবিশ্বাস অনুযায়ী, গণেশ চতুর্থীর দিনটি হল গণেশের জন্মতিথি। গণেশকে জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা হিসেবে দেখা হয়। কোনও শুভ কাজ শুরু করার আগে তাঁর আরাধনা করার প্রচলন। ভক্তদের বিশ্বাস, গণেশের আশীর্বাদ নিয়ে তাজ শুরু করলে সব বাধা-বিপত্তি দূর হয় এবং সাফল্যের পথ প্রশস্ত হয়।
চাঁদ দেখতে গিয়ে
গণেশের পুজোর ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক ব্যাপার রয়েছে। সবচেয়ে বড় বিষয়, এদিন কোনও ভাবেই আকাশে চোখ তুলে তাকাবেন না! এদিন অসাবধানে চাঁদের দিকে তাকালেই নাকি নেমে আসতে পারে ঘোর বিপদ! ফলে, খুব সাবধান!