এন.আই.টি শিলচরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সূচনা
মুন্না আচার্য্য, শিলচর:
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এন.আই.টি) শিলচরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ (আইসিআরএসিই ২০২৬)-এর সফল সমাপ্তি হয়েছে। ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে মতবিনিময় করেন।
সম্মেলনে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়্গপুর, আইআইটি রুরকি, আইআইটি বম্বে এবং আমেরিকার ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি ও ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট শিকাগোর বিশিষ্ট অধ্যাপকরা সেল্ফ-হিলিং কংক্রিট, সার্কুলার ইঞ্জিনিয়ারিং, টেকসই নির্মাণ এবং সড়ক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় এআই ও মেশিন লার্নিংয়ের ব্যবহার নিয়ে ছয়টি কি-নোট বক্তৃতা দেন। পাশাপাশি ১৫টি কারিগরি অধিবেশনে নির্বাচিত ১২৫টি গবেষণাপত্র উপস্থাপিত হয়, যা পরবর্তীতে স্প্রিঙ্গার সহ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবে।
সম্মেলনের শেষ দিনে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রের ব্যবধান কমানো নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় প্রধান অতিথি হিসেবে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশনের যুগ্ম অধিকর্তা অধ্যাপক ইন্দ্রাণী গগৈ, বিশেষ অতিথি হিসেবে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কনসালট্যান্ট রাজেশ দত্ত এবং আমন্ত্রিত অতিথি হিসেবে ড. বিনোদ কে. সিংহি উপস্থিত ছিলেন। এনআইটি শিলচরের অধিকর্তা অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য ও সম্মেলনের কনভেনার তথা বিভাগীয় প্রধান অধ্যাপক মোকাদ্দেস আলি আহমেদের তত্ত্বাবধানে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।

