শ্রীভূমিতে বিহু দলের উপর হামলার নিন্দা, হিন্দু সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ বি.এইচ.পি-র
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২৬ অক্টোবর: শ্রীভূমি জেলায় তৃতীয় দশমীর দিনে একটি বিহু দলের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), দক্ষিণ-পূর্ব প্রান্ত। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে বজরং দলের নাম জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার চালানোরও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
এক প্রেস বিবৃতিতে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম শাখা কমিটি জানিয়েছে, হামলার মতো নিন্দনীয় ঘটনাকে কোনওভাবেই সমর্থন করা যায় না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্য সমাজের সম্পদ, বিভেদের কারণ নয়। অসমের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ বিহু। তাই বিহু দলের উপর হামলার ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে কোনও ব্যক্তি বা সংগঠনকে দায়ী করাও অন্যায় বলে মন্তব্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ।
সংগঠনটি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেছে, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, কোনও সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো বা ভিত্তিহীন প্রচারের মাধ্যমে সামাজিক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা বন্ধ হওয়া উচিত।
বিবৃতিতে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার দীর্ঘদিনের সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। শান্তি রক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা অক্ষুণ্ণ রাখা সকলের দায়িত্ব বলে জানিয়েছে সংগঠনটি।