হিমন্ত বিশ্ব শর্মাকে ‘যুব বিচিত্রার’ উষ্ণ অভিনন্দন
০১ অক্টোবর :- ঐতিহাসিক নির্বাচনী সাফল্যের মাধ্যমে টানা দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডঃ হিমন্ত বিশ্ব শর্মাকে যুব বিচিত্রা সংবাদ গোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রীর হাতে ফুলাম গামোছা, একটি স্মারক এবং যুব বিচিত্রার বিশেষ ‘সারদা সংখ্যা’ তুলে দেওয়া হয়। একই সঙ্গে যুব বিচিত্রার মুখ্য সম্পাদক সানি রায় এবং জাতীয় সম্পাদকীয় উপদেষ্টা রত্নজ্যোতি দত্ত স্বাক্ষরিত একটি বিশেষ অভিনন্দনপত্র (Citation) তাঁর হাতে তুলে দেওয়া হয়। যুব বিচিত্রা পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, ডঃ শর্মার নেতৃত্বে অসম অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে এবং রাজ্যের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারেও নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০-এর চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাষাগত সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে জাতীয় সংহতি শক্তিশালী করতে অসম একটি মডেল রাজ্য হিসেবে উঠে আসবে বলেও আশা প্রকাশ করা হয়। উল্লেখ্য, ২৩ জানুয়ারি, ২০২৬ সরস্বতী পুজো ও নেতাজি জয়ন্তী উপলক্ষে প্রকাশিত যুব বিচিত্রার বিশেষ সংখ্যায় মুখ্যমন্ত্রীর একটি শুভেচ্ছাবার্তা প্রকাশিত হয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত সেই বার্তাটি অসম ও উত্তর-পূর্বাঞ্চলের পাঠকমহলে প্রশংসিত হয়। অসমের উন্নয়ন ও অগ্রগতি এবং আগামী প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে মুখ্যমন্ত্রীর উদ্যোগ ও প্রচেষ্টার প্রতি যুব বিচিত্রা সংবাদ গোষ্ঠীর পক্ষ থেকে শুভকামনা জানানো হয়।

