বরাক উপত্যকায় প্রথম বার আরটিআই মামলার শুনানি, গুয়াহাটির বাইরে কমিশনের এই উদ্যোগ প্রথম
জনসংযোগ শিলচর, ২৯ সেপ্টেম্বর: তথ্যের অধিকার আইন বা আরটিআই সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং আবেদন ও আপিলের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একাধিক পদক্ষেপ করছে অসম তথ্য কমিশন। কমিশনের ইতিহাসে প্রথম বার গুয়াহাটির বাইরে গিয়ে আরটিআই-সংক্রান্ত আপিল মামলার শুনানি হতে চলেছে। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হতে চলা আরটিআই সপ্তাহ উপলক্ষে বরাক উপত্যকার শ্রীভূমি, হাইলাকান্দি ও শিলচরে সরাসরি আপিলকারীদের বক্তব্য শুনবেন অসমের মুখ্য তথ্য কমিশনার ভারত ভূষণ দেব চৌধুরী, আইএএস (অবসরপ্রাপ্ত)।
শুধু আপিলের শুনানিই নয়, বরাক উপত্যকার তিন জেলায় একাধিক সচেতনতা কর্মসূচিতেও যোগ দেবেন মুখ্য তথ্য কমিশনার। পাশাপাশি বিভিন্ন দফতরের জনতথ্য আধিকারিকদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
মুখ্য তথ্য কমিশনার জানিয়েছেন, ভবিষ্যতে ধাপে ধাপে অসমের সমস্ত জেলায় এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে। এর মূল উদ্দেশ্য, এক দিকে যেমন সাধারণ মানুষের মধ্যে তথ্যের অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, অন্য দিকে তেমনই সংশ্লিষ্ট দফতরের দোরগোড়ায় আপিল মামলার নিষ্পত্তি করা। এর ফলে জনতথ্য আধিকারিকদের শুনানির জন্য বার বার গুয়াহাটি যেতে হবে না এবং তাঁদের কর্মস্থলে সরকারি কাজও ব্যাহত হবে না।
কমিশনের এই উদ্যোগে সাধারণ মানুষও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। কারণ, এত দিন আরটিআই-সংক্রান্ত আপিলের শুনানিতে অংশ নিতে অনেককেই একাধিক বার গুয়াহাটিতে অসম তথ্য কমিশনের বিভাগে যেতে হত। ফলে সময় ও অর্থ দুইয়েরই খরচ হত। এবার নিজেদের জেলাতেই শুনানির সুযোগ পাওয়ায় তাঁদের সেই দুর্ভোগ অনেকটাই কমবে।
উল্লেখ্য, তথ্যের অধিকার আইন, ২০০৫ সম্পূর্ণ ভাবে কার্যকর হয় ১২ অক্টোবর, ২০০৫ থেকে। এই আইনের মাধ্যমে নাগরিকদের সরকারি কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে সরকারি ব্যবস্থায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যও রয়েছে এই আইনের। বর্তমানে বিশ্বের ১২৫টিরও বেশি দেশের মধ্যে ভারত অন্যতম, যেখানে নাগরিকদের তথ্যের অধিকার আইনগত ভাবে স্বীকৃত।