প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের প্রয়াণে অধ্যাপক কে.এম বাহারুল ইসলামের শোক
রাজনৈতিক পটভূমিতে এক অপূরণীয় ক্ষতি, একে একে রাজ্যের সকল নেতা-মন্ত্রীর শোকবার্তা
যুব বিচিত্রা প্রতিনিধি, হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর :- আসামের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দেক আহমেদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট টেকনোলজি (আইএমটি), হায়দরাবাদের ডিরেক্টর অধ্যাপক কে. এম বাহারুল ইসলাম।
এক শোকবার্তায় অধ্যাপক ইসলাম বলেন, সিদ্দেক আহমেদের আকস্মিক প্রয়াণ শুধু রাজনৈতিক অঙ্গনের জন্য নয়, বরং বরাক উপত্যকাসহ অসংখ্য মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ও জনসেবার জীবনে সিদ্দেক আহমেদ বহু মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন।


অধ্যাপক ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা, কবরকে নূরে পরিপূর্ণ করা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন।
শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও তাঁর অগণিত শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি প্রদানের জন্যও প্রার্থনা করেন।
“তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি,” বলেন অধ্যাপক ইসলাম।
এদিকে, যুব বিচিত্রা নিউজ গ্রুপের পক্ষ থেকে তাঁর প্রয়াণে বিদেহী আত্মার সদগতি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
বিশেষ করে উল্লেখনীয় যে,বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়ন – পরিকল্পনা সহ রাজনৈতিক জীবনে তাঁর অবদান অনস্বীকার্য,তাই তাঁর প্রয়াণে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে রাজনৈতিক পটভূমিতে। রাজ্যের সকল নেতা-মন্ত্রীর তরফে শোক বার্তা প্রেরণ করতে দেখা গেছে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও গভীর শোক প্রকাশ করেছেন।