ভুবনেশ্বর সাধু ঠাকুর মন্দিরের নতুন প্রবেশদ্বারের শিলান্যাস বিধায়ক কিশোর নাথের, ‘ভুবনেশ্বর ধাম’ ঘোষণার দাবি গ্রামবাসীদের
মুন্না আচার্য্য, শিলচর ১১ নভেম্বর: ভুবনেশ্বর গ্রামের সাধু ঠাকুর মন্দিরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মন্দিরের প্রবেশপথে নতুন গেইট নির্মাণের শিলান্যাস করলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী নিলিমা নাথ এবং স্টার সিমেন্টের সি.ই.ও প্রদীপ পুরোহিত। অনুষ্ঠানে বিধায়ক সাধু ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্দিরের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। গ্রামবাসীদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্টার সিমেন্টের সহযোগিতায় নতুন প্রবেশদ্বার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রদীপ পুরোহিতের প্রতি কৃতজ্ঞতা জানান বিধায়ক।
এদিন মন্দির কমিটি ও স্থানীয় বাসিন্দারা ভুবনেশ্বর এলাকাকে ‘ভুবনেশ্বর ধাম’ হিসেবে পরিচিত করার দাবি জানান। তাঁদের বক্তব্য, সাধু ঠাকুরের জন্মভূমি ও স্মৃতিবিজড়িত এই স্থানকে ধর্মীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নতুন ডিলিমিটেশনের পর ভুবনেশ্বর জিপি বড়খলা বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত হওয়ায় এলাকার উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বলেও জানান বাসিন্দারা।
পরে বিধায়ক মোহনপুর সেউতি গ্রামের জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সভায় যোগ দেন। সেখানে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। বিধায়ক সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এদিনের কর্মসূচিকে ঘিরে ভুবনেশ্বরনগর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।