জাপানের নাগোয়া এশিয়ান গেমসে সাংবাদিক রত্নজ্যোতি দত্ত
বিশেষ প্রতিনিধি, নয়া দিল্লি, ২৭ সেপ্টেম্বর :- জাপানের আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমস কভার করবেন সাংবাদিক রত্নজ্যোতি দত্ত। গেমসের আয়োজক কর্তৃপক্ষ তাঁকে মিডিয়া অ্যাক্রেডিটেশন দিয়েছে এবং অ্যাক্রেডিটেশন কার্ডে তাঁর পরিচয় ‘Journalist’ হিসাবে উল্লেখ করা হয়েছে। গেমসের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সমাপনী অনুষ্ঠানও কভার করবেন তিনি। আইচি প্রিফেকচারের নাগোয়া জাপানের অন্যতম প্রধান অটোমোবাইল শিল্পকেন্দ্র। বিশ্বখ্যাত টয়োটা মোটর কর্পোরেশনের সদর দফতর আইচির টয়োটা শহরে। গেমস কভার করার পাশাপাশি দত্ত নাগোয়া ও আশপাশের শিল্প ও ঐতিহাসিক স্থানগুলি ঘুরে দেখবেন। প্রায় তিন দশকের সাংবাদিকতা জীবনে দত্ত Reuters, Dow Jones Newswires–The Wall Street Journal এবং PTI-তে কাজ করেছেন। বর্তমানে তেল ও গ্যাস, জ্বালানি, অর্থনীতি, কৃষি ও নীতি-সংক্রান্ত বিষয়ে রিপোর্টিং করেন। সফরসূচিতে রয়েছে মাউন্ট ফুজি ও টোকিওর রেঙ্কোজি মন্দির। ৩,৭৭৬ মিটার উচ্চতার ফুজি জাপানের সর্বোচ্চ পর্বত। ২০১৩ সালে ফুজি ও তার আশপাশের ২৫টি স্থান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ঐতিহাসিক ভাবে যুক্ত রেঙ্কোজি মন্দিরে তাঁর দাহাবশেষ সংরক্ষিত রয়েছে বলে মন্দির কর্তৃপক্ষের দাবি। সেখানে নেতাজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন দত্ত।